Views Bangladesh Logo

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা সোহেল হত্যা মামলার ১৮ আসামি খালাস

চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থী ও মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য নাসিম আহমেদ সোহেল হত্যা মামলায় ১৮ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

রোববার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হক এ রায় ঘোষণা করেন।

খালাস পাওয়া আসামিরা হলেন—ওয়াহিদ জামাল নিশান, জিয়াউল হায়দার চৌধুরী, এস এম গোলাম মোস্তফা, তামিম উল আলম, কাজী মো. জয়নাল আবেদিন, আবু তাহের উজ্জল, নুরুল ফয়সাল, মো. রাশেদুল হক, আবু ফয়েজ, সাইফুদ্দিন সাইফ, সাইফুল ইসলাম সাবিক, ইব্রাহিম সোহান, সাইফুল তারেক চৌধুরী, বাদশা সোলায়মান, মো. আসিফ, শামীম আজাদ মুন্না, নাজমুল হক ও আসলাম।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর এস ইউ এম নুরুল ইসলাম জানান, আদালত সাক্ষ্য–প্রমাণের অভাব উল্লেখ করে আসামিদের খালাস দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২৯ মার্চ চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটির বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে বিরোধের জেরে ওয়াসা ক্যাম্পাস এলাকায় ছুরিকাঘাতে নিহত হন নাসিম আহমেদ সোহেল। তিনি বিশ্ববিদ্যালয়ের এমবিএ’র শিক্ষার্থী এবং বাংলাদেশ ছাত্রলীগের চট্টগ্রাম মহানগর শাখার সদস্য ছিলেন।

নিহত সোহেলকে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে। এ ঘটনায় তার বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবু তাহের বাদী হয়ে চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন।

প্রথমে মামলায় ১৩ জনকে আসামি করা হলেও তদন্ত শেষে পুলিশ ১৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ