Views Bangladesh Logo

বগুড়ায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দম্পতি নিহত

বগুড়ার সদর উপজেলায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা সাত বছর বয়সী নাতি আহত হলেও সে শঙ্কামুক্ত রয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া বিমানবন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— বগুড়া সদর উপজেলার আতাপাড়া এলাকার মৃত মোসলেম উদ্দিন মোল্লার ছেলে ও স্বর্ণ ব্যবসায়ী বাবুল হাসান (৫০) এবং তার স্ত্রী জেসমিন বেগম (৪৫)।

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাবুল হাসান স্ত্রী ও সাত বছর বয়সী নাতি জুলকার নাইনেরকে নিয়ে মোটরসাইকেলে নওগাঁর দিকে যাচ্ছিলেন। এ সময় নওগাঁ দিক থেকে আসা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবুল হাসানের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা গুরুতর আহত জেসমিন বেগম ও শিশুটিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জেসমিন বেগমকে মৃত ঘোষণা করেন। আহত শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মিরাজুল মণ্ডল জানান, চালকের অসতর্কতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে ধাক্কা দেয়। মোটরসাইকেল চালক সংঘর্ষ এড়াতে সড়কের বাম পাশে যাওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, একই দিন সকালে বগুড়ার এরুলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস শ্রমিকদের চাপা দিলে সাতজন নিহত হন। ওই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই একই এলাকায় আরেকটি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আরও দুজনের।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ