রাজশাহীতে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রামে একই বিছানা থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে এ ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নিহতরা হলেন আরিফপুর গ্রামের বাসিন্দা মনিরুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী স্বপ্না বেগম (৩৮)।
স্থানীয়রা জানান, সকালে পরিবারের সদস্যরা অনেকক্ষণ ডাকাডাকি করেও তাদের কোনো সাড়া না পেয়ে ঘরের দরজায় ধাক্কা দেন। দরজাটি ভেতর থেকে বন্ধ থাকায় পাশের একটি ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে একই বিছানায় স্বামী-স্ত্রীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ঘটনাস্থল থেকে একটি বিষের বোতল উদ্ধার করা হয়েছে এবং মরদেহের মুখে বিষের গন্ধ পাওয়া গেছে। তবে কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হতে তদন্ত চলছে।
তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং মৃত্যুর পেছনের কারণ উদঘাটনে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
মতামত দিন