Views Bangladesh Logo

নওগাঁয় নিজ বাড়ি থেকে দম্পতির মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

নওগাঁর মহাদেবপুর উপজেলায় নিজ বাড়ি থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন পাহাড়পুর গ্রামের লোকমান মণ্ডল (৫৫) ও তার স্ত্রী দেলোয়ারা বেগম (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে খাবার খেয়ে ঘুমাতে যান স্বামী-স্ত্রী। সোমবার ভোরে তাদের ছেলে মুক্তার হোসেন বিষয়টি প্রতিবেশীদের জানালে তারা গিয়ে খাটের ওপর দুজনের মরদেহ দেখতে পান।

স্থানীয়দের দাবি, মুক্তার হোসেন মাদক ও মোবাইলভিত্তিক জুয়ায় আসক্ত। তিনি প্রায়ই বাবা-মায়ের কাছে টাকা চাইতেন। টাকা না দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়ে থাকতে পারে বলে তাদের সন্দেহ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, প্রাথমিকভাবে বিষাক্ত কোনো খাবার গ্রহণের কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ