বাগেরহাটে ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট
বাগেরহাটের শরণখোলা উপজেলায় নিজ ঘরের শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। তবে চিরকুটটি কার লেখা এবং এর সঙ্গে মৃত্যুর ঘটনার সম্পর্ক রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার রাজৈর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাজৈর গ্রামের আব্দুল মজিদের ছেলে মো. কবির হোসেন এবং তার স্ত্রী হালিমা বেগম। কবির পেশায় জেলে ছিলেন। তাদের পাঁচ বছর ও দুই মাস বয়সী দুটি সন্তান রয়েছে।
পুলিশ জানায়, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পাশ থেকে উদ্ধার হওয়া একটি চিরকুটে মৃত্যুর জন্য কাউকে দায়ী করা হয়নি এবং স্বেচ্ছায় পৃথিবী থেকে চলে যাওয়ার কথা লেখা রয়েছে।
স্থানীয়দের দাবি, দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। তবে সেই বিরোধের সঙ্গে মৃত্যুর ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনই নিশ্চিত হওয়া যায়নি।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এছাড়া হালিমা বেগমের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে এটি কীভাবে হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ কী, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
মতামত দিন