সাবেক উপাধ্যক্ষ খুনের ঘটনায় দম্পতির দায় স্বীকার
হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া হত্যা মামলায় গ্রেপ্তার দম্পতি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
বুধবার (১২ মার্চ) তাদেরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে রুপা বেগম ওরফে জান্নাত ও নাজিম হোসেন দম্পতি স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হন।
পরে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরখান থানার এসআই জাহিদুল হাসান তাদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফা জেরিনের আদালত রুপার এবং আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত নাজিমের জবানবন্দি রেকর্ড করা হয়। এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে উপাধ্যক্ষ সাইফুর রহমান হত্যার নেপথ্যে কারণ হিসেবে তারা পেয়েছেন ধর্ষণচেষ্টা।
মামলার আসামিদের দাবি, নাজিম হোসেন ও রুপা বেগম দম্পতিকে চাকরি দেওয়ার কথা বলে বাসায় নিয়ে অসদাচরণ ও নাজিমের অনুপস্থিতিতে আপত্তিকর আচরণ ও স্পর্শকাতর জায়গায় হাত দিতেন সাইফুর রহমান।
গত ৯ মার্চ রাতে তরুণীকে ধর্ষণচেষ্টা করলে তার স্বামী প্রতিবাদ করেন, এ সময় ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দা দিয়ে সাইফুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান তারা।
১১ মার্চ ফরিদপুর রেলস্টেশন এলাকা থেকে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।
গত ১০ মার্চ সকালে রাজধানীর উত্তরার উত্তরখান থানা এলাকার পুরানপাড়ার একটি বাসার চতুর্থ তলার ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে। দুর্বৃত্তরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে বাথরুমে আটকে রেখে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা বাথরুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
১১ মার্চ নিহতের ভাই মোহাম্মদ লুৎফুর রহমান ভূঁইয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে