ধামরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দম্পতি দগ্ধ
ঢাকার ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দম্পতি দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে ধামরাই পৌরসভার কুমড়াইল এলাকায় কুববাত হোসেন নামে এক ব্যক্তির ভাড়া বাসার নিচতলার একটি কক্ষে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আসিফ (২৪) ও তার স্ত্রী শান্তা (২১)। তারা ধামরাইয়ের কুমড়াইলে ভাড়া বাসায় থাকতেন। আসিফ পেশায় একজন রিকশাচালক ও তার স্ত্রী একটি কারখানায় শ্রমিকের কাজ করেন।
প্রাথমিকভাবে জানা যায়, বাড়িটিতে তিতাসের গ্যাস থাকলেও ওই দম্পতি সিলিন্ডার গ্যাস ব্যবহার করতেন। সিলিন্ডারটি অক্ষত পাওয়া গেলেও গ্যাস পরিবাহী পাইপ পোড়া দেখা গেছে। বিস্ফোরণে আশপাশের কয়েকটি কক্ষও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা জানান, রাত পৌনে ১২টার দিকে হঠাৎ বিকট আওয়াজে দুই তলা ভবনের নিচতলার একটি কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় কক্ষটিতে আগুন লেগে যায়। কিছুক্ষণ পর কক্ষটি থেকে দগ্ধ ওই দম্পতি বেরিয়ে আসেন। সে সময় তাদের শরীরের বেশিরভাগ অংশ ঝলসানো দেখা যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ধামরাই ফায়ার সার্ভিসের লিডার জহিরুল ইসলাম বলেন, বিস্ফোরণে স্বামী-স্ত্রী দুইজন আহত হয়েছেন। তাদের ঢাকার বার্ন ইউনিটে নেয়া হয়েছে।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম বলেন, ঘটনাস্থলে এসে দেখি ঘরবাড়ি ভাঙা। তবে দগ্ধদের পাইনি। যতটুকু জানতে পেরেছি দগ্ধ দুজনার বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায়।
তিনি বলেন, গ্যাস লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে