সিরাজগঞ্জে বাসচাপায় দম্পতিসহ নিহত ৩
সিরাজগঞ্জের বেলকুচিতে যাত্রীবাহী বাসের চাপায় এক দম্পতিসহ ব্যাটারিচালিত ভ্যানের তিন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) সকাল আনুমানিক ৬টার দিকে বেলকুচি উপজেলার মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকার আঞ্চলিক সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত দম্পতির ১৬ বছর বয়সী কিশোরী মেয়ে তামান্না খাতুনসহ অন্তত ১০ জন বাসযাত্রী আহত হয়েছেন।
নিহতরা হলেন—বেলকুচির আজুগড়া হিজলতলা এলাকার মৃত বাছের সরকারের ছেলে আব্দুল মোত্তালেব (৪০) ও তার স্ত্রী ফজিলা খাতুন (৩৫) এবং জামতৈল গ্রামের সোনা উল্লার ছেলে ভ্যানচালক নূরুল ইসলাম (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে যাত্রী নিয়ে ব্যাটারিচালিত ভ্যানটি মুকুন্দগাতীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে মেঘুল্লা বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে হঠাৎ ভ্যানটি সড়কের ওপর উল্টে যায়। ঠিক ওই মুহূর্তেই ঢাকাগামী 'ঢাকা এক্সপ্রেস' পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে থাকা ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দম্পতি ও ভ্যানচালকের মৃত্যু হয়।
ভ্যানটিকে চাপা দেওয়ার পর বাসটি আরও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে বাসের ভেতরে থাকা অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দুর্ঘটনায় গুরুতর আহত কিশোরী তামান্নাকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
ওসি আরও জানান, ঘাতক বাসটিকে জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে