Views Bangladesh Logo

জনশক্তি রপ্তানিতে বড় ধাক্কা, বিদেশে কর্মী যাওয়া কমেছে ৩৮.৫৩ শতাংশ

বাংলাদেশের জনশক্তি রপ্তানিতে বড় ধরনের পতন দেখা দিয়েছে। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত ছয় মাসে ৩ লাখ ৩৩ হাজার ৪২৭ জন কর্মী বিদেশে গেছেন। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ৫ লাখ ৪২ হাজার ৪৩৮ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে বিদেশে কর্মী যাওয়ার সংখ্যা কমেছে ২ লাখ ৯ হাজার ১১ জন বা ৩৮ দশমিক ৫৩ শতাংশ।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য বিশ্লেষণে এ চিত্র পাওয়া গেছে। চলতি বছরের এই সময়ে বিদেশে যাওয়া কর্মীদের সবচেয়ে বড় অংশের গন্তব্য ছিল সৌদি আরব। দেশটিতে গেছেন ১ লাখ ৬৯ হাজার ৬৪৬ জন, যা মোট বিদেশগামী কর্মীর ৫০ দশমিক ৮৭ শতাংশ। ফলে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থানে সৌদি আরবের ওপর নির্ভরতার বিষয়টি আবারও স্পষ্ট হয়েছে।

সৌদি আরবের পর সবচেয়ে বেশি কর্মী গেছেন সিঙ্গাপুরে। দেশটিতে কর্মসংস্থানের জন্য পাড়ি দিয়েছেন ৪০ হাজার ৩৯৮ জন। এ ছাড়া কাতারে ৩২ হাজার ১২৭, মালদ্বীপে ১৫ হাজার ৯৬৯, সংযুক্ত আরব আমিরাতে ১৩ হাজার ১২৯ এবং কুয়েতে ১৩ হাজার ৭১ জন কর্মী গেছেন। জর্ডানে গেছেন ৮ হাজার ১৯৯, ইতালিতে ৫ হাজার ৩১৬, পর্তুগালে ৩ হাজার ৬০৮ এবং ইরাকে ২ হাজার ৮৬৩ জন।

গত বছরের একই সময়ের সঙ্গে তুলনা করলে সবচেয়ে বড় পতন দেখা গেছে সৌদি আরবের শ্রমবাজারে। ২০২৫ সালের ওই ছয় মাসে দেশটিতে ৩ লাখ ৬১ হাজার ৩৬৬ জন বাংলাদেশি কর্মী গিয়েছিলেন। চলতি বছরে তা নেমে এসেছে ১ লাখ ৬৯ হাজার ৬৪৬ জনে। অর্থাৎ সৌদি আরবে কর্মী যাওয়ার সংখ্যা অর্ধেকেরও বেশি কমেছে।

এ ছাড়া কাতার ও কুয়েতের শ্রমবাজারেও কর্মী যাওয়ার হার কমেছে। গত বছরের একই সময়ে কাতারে ৫৩ হাজার ১৩৫ এবং কুয়েতে ২৪ হাজার ৪৪১ জন কর্মী গিয়েছিলেন। বিপরীতে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও ইতালিতে এবার গত বছরের তুলনায় বেশি কর্মী গেছেন। সিঙ্গাপুরে গত বছর ৩৬ হাজার ২৫১ জনের বিপরীতে এবার গেছেন ৪০ হাজার ৩৯৮ জন।

বিএমইটির পরিসংখ্যান বলছে, কয়েকটি দেশে কর্মী যাওয়ার প্রবাহ বাড়লেও বড় শ্রমবাজারগুলোতে নিয়োগ কমে যাওয়ায় সামগ্রিক চিত্রে তার প্রভাব পড়েনি। ফলে ছয় মাসের ব্যবধানে বিদেশে কর্মী পাঠানোর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। জনশক্তি রপ্তানিতে এই নিম্নমুখী প্রবণতা বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থানের বাজারে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ