দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই নাজুক: রুমিন ফারহানা
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমালোচনা করে সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, অন্য মন্ত্রণালয়ের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর যে আগ্রহ ও তৎপরতা দেখা যায়, তা যদি তিনি নিজের মন্ত্রণালয়ে দেখাতেন, তাহলে দেশবাসী আরও বেশি উপকৃত হতো।
শুক্রবার (২৬ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের ঘাগড়াজুড়ি গ্রামে একটি সড়ক নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই নাজুক। অর্থনীতি ও আইনশৃঙ্খলা—এই দুটি বিষয়ে সরকারের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।
তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, নিকট অতীতে তা কখনো ছিল না। সরকারের দুজন মন্ত্রীর ওপর অর্ধেক দায়িত্ব—অর্থ এবং স্বরাষ্ট্র। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর অন্য সব মন্ত্রণালয়ের বিষয়ে যত আগ্রহ ও তৎপরতা রয়েছে, সেটি যদি নিজের মন্ত্রণালয়ে দেখাতেন, তাহলে দেশবাসী উপকৃত হতো।
নতুন অর্থবছরের বাজেট নিয়েও প্রশ্ন তুলে রুমিন ফারহানা বলেন, বাজেট কতটা বাস্তবায়নযোগ্য তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। অর্থনীতি ও আইনশৃঙ্খলা খাতে দৃশ্যমান অগ্রগতি না হলে সরকারের জন্য পরিস্থিতি কঠিন হতে পারে।
মামলা বাণিজ্যের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন এলাকায় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ রয়েছে। বিষয়টি সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর খতিয়ে দেখা উচিত।
তিনি আরও বলেন, আজকে আপনি যা করছেন, একদিন আপনাকে তার জন্য জবাবদিহির মুখোমুখি হতে হবে।
সড়ক পরিদর্শনের সময় রুমিন ফারহানার সঙ্গে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
মতামত দিন