দিনাজপুরে দেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এরই মধ্যে দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে। সোমবার (৩১ মার্চ) সকাল ৯টায় প্রায় লাখো মুসল্লির অংশগ্রহণে এই জামাত অনুষ্ঠিত হয়।
ঐতিহাসিক এই ঈদ জামাতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান। এতে অংশ নেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, দিনাজপুর পৌর প্রশাসক বিয়াজুল ইসলাম, দিনাজপুর পুলিশ সুপার মারুফাত হুসাইন মারুফ, জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা জামায়াতে ইসলামীর আমিরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
এ ছাড়াও এই জামাতে অংশ নিতে ছুটে আসেন দিনাজপুর সদর উপজেলা ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা এবং আশপাশের কয়েকটি জেলার মুসল্লিরা।
গোর-এ-শহীদ বড় ময়দানের ইমাম মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “আল্লাহ তা’আলার রহমতে দেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠে মুসল্লিরা সুন্দরভাবে নামাজ আদায় করতে পেরেছে। আমরা নামাজ শেষে মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করেছি। বিশেষ করে ফিলিস্তিনি মুসলিমদের জন্য দোয়া করেছি, আল্লাহ তাদের হেফাজত করুন। ১৯৭১ ও ২০২৪ সালে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছি।”
এদিকে এই বৃহৎ জামাতকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সিসিটিভি ক্যামেরার পাশাপাশি কঠোর গোয়েন্দা নজরদারি ছিল। মাঠের আশপাশে র্যাব, বিজিবি, পুলিশ, আনসার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা তৎপর ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে