দেশে জ্বালানির মজুত ১ লাখ ৯২ হাজার টন
দেশে বর্তমানে মোট জ্বালানির মজুত রয়েছে ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন এবং নিয়মিত আমদানির মাধ্যমে সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সরকার।
মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।
তিনি বলেন, বর্তমান মজুতের মধ্যে রয়েছে—ডিজেল ১,২৮,৯৩৯ টন, অকটেন ৭,৯৪০ টন, পেট্রোল ১১,৪৩১ টন, জেট ফুয়েল ৪৪,৬০৯ টন।
আসন্ন হজ মৌসুম সামনে রেখে জেট ফুয়েলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে আগাম পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
অন্যদিকে অবৈধ মজুত ঠেকাতে দেশব্যাপী অভিযান জোরদার করা হয়েছে। গতকাল (৩০ মার্চ) একদিনেই ৩৯১টি অভিযান পরিচালনা করে ৮৭ হাজার ৭০০ লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৬৭ হাজার ৪০০ লিটার ডিজেল, ৬৪৪ লিটার অকটেন এবং ১৩ হাজার ৮৫৬ লিটার পেট্রোল রয়েছে।
এ ঘটনায় ১৯১টি মামলা দায়ের, মোট ৯ লাখ ৩ হাজার ৫৭০ টাকা জরিমানা এবং তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে