দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন হলো সিলেটে
সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে সিলেটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিষ্ঠিত দেশের প্রথম বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘সীমান্ত স্কুল অব সার্ভেইলেন্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ (এসএসএসডিডব্লিউ) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উদ্বোধনের পর স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিষ্ঠানটির কমপ্লেক্স ও ডিসপ্লে সেন্টার ঘুরে দেখেন। এ সময় ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট কর্নেল মোহাম্মদ সালাহ উদ্দীন প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ কার্যক্রম, আধুনিক অবকাঠামো এবং বিজিবির অভিযানে বিভিন্ন ধরনের ড্রোন ব্যবহারের বিষয়ে তাকে অবহিত করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়, সীমান্ত নজরদারি ও নিরাপত্তা কার্যক্রমে ড্রোনের ব্যবহার আরও বাড়ানোর পাশাপাশি দক্ষ ড্রোন পাইলট তৈরিতে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এ সময় ড্রোন পরিচালনা, আকাশপথে নজরদারি এবং সীমান্তে প্রযুক্তিনির্ভর অভিযান পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে প্রশিক্ষণ মাঠে বিজিবির প্রশিক্ষিত ড্রোন পাইলটদের অংশগ্রহণে বিশেষ ‘ড্রোন ম্যানুভার’ মহড়া অনুষ্ঠিত হয়। এতে ড্রোনের মাধ্যমে বিজিবির সিক্সম্যান পেট্রোল টিমের আভিযানিক কার্যক্রম পর্যবেক্ষণ এবং সীমান্ত এলাকায় বিভিন্ন পরিস্থিতিতে প্রযুক্তিটির ব্যবহারিক প্রয়োগ দেখানো হয়।
মহড়ায় চোরাচালানবিরোধী অভিযানে ড্রোনের মাধ্যমে সন্দেহভাজনদের শনাক্ত, নজরদারি ও আটকের কৌশল প্রদর্শন করা হয়। পাশাপাশি সীমান্ত দিয়ে পুশ-ইন ঠেকানো এবং অনুপ্রবেশকারী কিংবা অপরিচিত ড্রোন শনাক্ত ও নিয়ন্ত্রণে এন্টি-ড্রোন সিস্টেমের কার্যকারিতাও তুলে ধরা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজিবিতে যুক্ত বিভিন্ন ধরনের ড্রোন, এর মধ্যে ম্যাভিক ড্রোনের সমন্বয়ে ‘ড্রোন ফ্লাই-পাস্ট’ প্রদর্শন করা হয়। এর মাধ্যমে সীমান্ত নজরদারি, চোরাচালান প্রতিরোধ এবং নিরাপত্তা কার্যক্রমে আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহারিক সক্ষমতা তুলে ধরা হয়।
মতামত দিন