২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩.৪৯ শতাংশ
২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৩.৪৯ শতাংশ, যা আগের বছরের তুলনায় কম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত জাতীয় হিসাবের চূড়ান্ত তথ্যে এ তথ্য জানা গেছে। এর আগে ২০২৩–২৪ অর্থবছরে প্রবৃদ্ধি ছিল ৪.২২ শতাংশ এবং ২০২২–২৩ অর্থবছরে ছিল ৫.৭৮ শতাংশ।
বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪–২৫ অর্থবছরে দেশের মাথাপিছু আয় বেড়ে হয়েছে ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার, যা আগের অর্থবছরে ছিল ২ হাজার ৭৩৮ ডলার। অর্থাৎ এক বছরে মাথাপিছু আয় বেড়েছে ৩১ ডলার। টাকায় হিসাব করলে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ৩ লাখ ৩৪ হাজার ৫১১ টাকা, যা আগের অর্থবছরে ছিল ৩ লাখ ৪ হাজার ১০২ টাকা।
তবে ডলারের হিসাবে মাথাপিছু আয় এখনও ২০২১–২২ অর্থবছরের সর্বোচ্চ ২ হাজার ৭৯৩ ডলারের নিচে রয়েছে। ডলারের বিনিময় হার বৃদ্ধির কারণে ডলারের হিসাবে আয় কমে গিয়েছিল বলে জানিয়েছে বিবিএস। ২০২৪–২৫ অর্থবছরে মাথাপিছু আয় নির্ধারণে প্রতি ডলারের গড় বিনিময় হার ধরা হয়েছে ১২০.৮২ টাকা, যা আগের বছরে ছিল ১১১.০৬ টাকা।
জিডিপি বা মোট দেশজ উৎপাদন বলতে নির্দিষ্ট সময়ে একটি দেশে উৎপাদিত সব পণ্য ও সেবার চূড়ান্ত মূল্যকে বোঝায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে