দেশে ২ হাজার ৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই: শিক্ষামন্ত্রী
দেশের ২ হাজার ৮৪৭টি গ্রামে এখনও কোনো প্রাথমিক বিদ্যালয় নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য তুলে ধরেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে অধিবেশনটি অনুষ্ঠিত হয়।
ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের প্রতিটি গ্রামে এখনো প্রাথমিক বিদ্যালয় স্থাপন সম্ভব হয়নি। বর্তমানে সারাদেশে বিদ্যালয়বিহীন গ্রামের সংখ্যা ২ হাজার ৮৪৭।
বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি এমন গ্রাম রয়েছে চট্টগ্রাম বিভাগে, যেখানে সংখ্যা ৮১৮টি। এর পর রয়েছে ঢাকা বিভাগে ৭১৭টি, রাজশাহী বিভাগে ৩৫৫টি, খুলনা বিভাগে ৩৪৯টি, ময়মনসিংহ বিভাগে ২৬৬টি, সিলেট বিভাগে ২৬০টি, বরিশাল বিভাগে ৪৫টি এবং সবচেয়ে কম রংপুর বিভাগে ৩৭টি গ্রাম।
বিদ্যালয়বিহীন গ্রামগুলোতে নতুন স্কুল স্থাপনের বিষয়ে মন্ত্রী জানান, ভবিষ্যতে এ ধরনের গ্রামে বিদ্যালয় স্থাপনের প্রস্তাব এলে এবং প্রয়োজনীয়তা ও শর্ত বিবেচনায় নিয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে