Views Bangladesh Logo

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে দেশজুড়ে নানা কর্মসূচি

 VB  Desk

ভিবি ডেস্ক

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে আজ (বুধবার) দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে সরকার। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। পাশাপাশি দেশের ৬৪ জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি নেওয়া হয়েছে।

সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর উদ্বোধন করেছেন। ১১টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

দিবসটি উপলক্ষে দেশের সব জেলায় জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ঢাকাসহ সব সিটি করপোরেশনের মিনিপোলে জুলাই আন্দোলনের দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।

এ ছাড়া বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বেসরকারি টেলিভিশন, রেডিও ও কমিউনিটি রেডিওতে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে বিশেষ অনুষ্ঠান, আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রচার করা হবে। সংবাদপত্রেও প্রকাশিত হয়েছে বিশেষ নিবন্ধ, সাহিত্য সাময়িকী ও ক্রোড়পত্র।

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার পাশাপাশি রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতেও আলোচনা সভার কর্মসূচি রয়েছে।

ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে। রাজধানীসহ দেশের বিভিন্ন শহরের প্রধান সড়ক ও সড়কদ্বীপ জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও রঙিন পতাকায় সাজানো হয়েছে। জুলাই স্মৃতিস্তম্ভগুলো আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।

দিবসটি উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি ও স্বায়ত্তশাসিত জাদুঘরগুলো জনসাধারণের জন্য বিনা টিকিটে উন্মুক্ত রাখা হবে। শিশুদের জন্য সরকারি-বেসরকারি বিনোদনকেন্দ্রও বিনা টিকিটে খোলা থাকবে।

এ ছাড়া সরকারি হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার, শিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, ডে-কেয়ার, শিশু বিকাশ কেন্দ্র ও ভবঘুরে আশ্রয়কেন্দ্রে বিশেষ প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ