Views Bangladesh Logo

তাপপ্রবাহের সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশজুড়ে একদিকে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ, অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে কালবৈশাখী ঝড়ের তীব্রতা। আবহাওয়ার এই দ্বিমুখী আচরণে চরম অস্থিরতা বিরাজ করছে।

বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দলের বরাত দিয়ে জানানো হয়েছে, গত ১২ এপ্রিল থেকে শুরু হওয়া আবহাওয়ার এই অস্থিতিশীল পরিস্থিতি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত স্থায়ী হতে পারে।

বর্তমানে খুলনা বিভাগে হালকা থেকে মাঝারি তাপপ্রবাহ বিরাজ করছে। রাজশাহী, বরিশাল ও ঢাকা বিভাগেও একই অবস্থা। এসব এলাকায় দিনের তাপমাত্রা ৩৬ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

আগামী ১৪ থেকে ১৭ এপ্রিল চুয়াডাঙ্গা, যশোর, মেহেরপুর ও রাজশাহীসহ কয়েকটি জেলায় তাপমাত্রা ৪১ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে।

তাপপ্রবাহের মধ্যেই আজ (১৩ এপ্রিল) থেকে দেশের ৩০-৪০ শতাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে সিলেট বিভাগে, যেখানে কয়েক দিনে প্রায় ১৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ময়মনসিংহ ও রংপুর বিভাগে মাঝারি এবং চট্টগ্রামসহ অন্যান্য অঞ্চলে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, কালবৈশাখী ঝড়ে বাতাসের গতিবেগ ৬০-৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে। সঙ্গে বজ্রপাত, বিক্ষিপ্ত শিলাবৃষ্টি ও তীব্র বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। নিচু এলাকায় জলাবদ্ধতা এবং পার্বত্য অঞ্চলে ভূমিধসের ঝুঁকি রয়েছে, বিশেষ করে সিলেটে। অন্যদিকে খুলনা ও বরিশাল অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। এর ফলে তাপপ্রবাহ আরও দীর্ঘায়িত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের মতে, দেশের ৬০-৭০ শতাংশ এলাকা বর্তমানে তাপপ্রবাহের আওতায় রয়েছে। বৃষ্টির ফলে ১০-১৫ শতাংশ কৃষিজমিতে সেচের প্রয়োজন কিছুটা মিটতে পারে। তবে দিনের বেলা অতিরিক্ত গরম থেকে সতর্ক থাকতে এবং রাতে বজ্রপাত ও ঝড়ের সময় নিরাপদ আশ্রয়ে থাকতে জনগণকে সতর্ক করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, আগামী দুই সপ্তাহে তীব্র গরম ও হঠাৎ ঝড়ের এই অস্থির মিশ্রণ বাংলাদেশের আবহাওয়ার মৌসুমি অস্থিরতাকে আরও স্পষ্ট করে তুলবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ