একদিকে ফ্যাসিবাদ এবং অন্যদিকে মৌলবাদের হুমকি রয়েছে: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেশের সামনে একদিকে ফ্যাসিবাদ এবং অন্যদিকে মৌলবাদের হুমকি রয়েছে। এ দুই শক্তির ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, একপাশে ফ্যাসিবাদ সার্বভৌমত্ব হরণের চেষ্টা করছে, আরেকপাশে মৌলবাদীরা ক্ষমতার মোহে অন্ধ হয়ে যাচ্ছে।
শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেখানো পথই জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নের পথ। সরকার সেই পথ অনুসরণ করেই এগিয়ে যাবে এবং জুলাইয়ে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে বদ্ধপরিকর।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বারবার বলেছেন, সরকার জুলাই সনদের প্রতিটি অনুচ্ছেদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু একটি মহল তথাকথিত গণভোটের দাবির মাধ্যমে জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে।
মো. আসাদুজ্জামান বলেন, সরকার স্পষ্টভাবে জানিয়েছে যে ওই দাবি জুলাই সনদের অংশ নয়। এরপরও বিভ্রান্তি ছড়াতে ভিন্ন কৌশল নেওয়া হচ্ছে।
আইনমন্ত্রী সবাইকে জুলাইয়ের চেতনা ধারণ করে এবং জুলাই সনদকে সামনে রেখে যেকোনো ধরনের বিভ্রান্তি প্রতিহত করার আহ্বান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনাই জুলাইয়ের লক্ষ্য বাস্তবায়নের পথ।
মতামত দিন