Views Bangladesh Logo

স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেবে কুবি, আবেদন ফেব্রুয়ারিতে-এপ্রিলে পরীক্ষা

০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। আগামী ২ ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষার জন্য আবেদন নেয়া হবে। আর পরীক্ষা হবে এপ্রিল ও মে মাসে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা এমদাদুল হকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত দিন-রাত ২৪ ঘণ্টা, এমনকি ছুটির দিনেও শিক্ষার্থীরা অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবেন। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য দ্রুতই কুবির ওয়েবসাইট ও বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৯ এপ্রিল সকাল ১০টায় ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৩ মে সকাল ১০টায় ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) এবং একই দিন বিকেল ৩টায় ‘বি’ ইউনিটের (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলীর সভাপতিত্বে উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ১৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ১০২তম সিন্ডিকেট সভায় গুচ্ছ ভর্তি পরীক্ষার পদ্ধতি থেকে সরে এসে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ