Views Bangladesh Logo

চীন–মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় ট্রাকে পণ্য যাবে চীনে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ চীন–মিয়ানমার অর্থনৈতিক করিডরের সঙ্গে যুক্ত হলে ট্রাকযোগে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশ থেকে চীনে পণ্য পরিবহন সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (২৭ জুন) সিলেট জেলা আইনজীবী সমিতিতে নবীন আইনজীবীদের বরণ ও কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আগামী দিনে বাংলাদেশে চীনের বড় ধরনের বিনিয়োগ দেখা যাবে। চীন ইতোমধ্যে বাংলাদেশের সব পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে। এখন সরকারের লক্ষ্য হচ্ছে আরও বেশি চীনা বিনিয়োগ বাংলাদেশে আকৃষ্ট করা।

তিনি বলেন, বাংলাদেশ যদি চীন–মিয়ানমার করিডরের সঙ্গে যুক্ত হয়, তাহলে ট্রাকে করে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছে দেওয়া সম্ভব হবে।

হজরত শাহজালাল (রহ.)–এর মাজার পরিচালনা কমিটি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ওই কমিটিতে কাউকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়নি। প্রচলিত বিধিমালা অনুসরণ করেই কমিটি গঠন করা হয়েছে এবং এ বিষয়ে বিতর্কের কোনো সুযোগ নেই।

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, একটি রাষ্ট্রে দায়মুক্তির সংস্কৃতি তৈরি হলে সামাজিক চুক্তি ও আইনের শাসন দুর্বল হয়ে পড়ে।

তিনি বলেন, সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার—সমতা, বৈষম্যহীনতা, জীবন ও ব্যক্তিস্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতাসহ নাগরিক অধিকার বাস্তবায়নে আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহিয়া চৌধুরী (সুহেল)–এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জুবায়ের বখত জুবায়েরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইরফান উল্লাহ, বিভাগীয় বিশেষ জজ এম আলী আহমদ, প্রধান বিচারিক হাকিম মো. হাসাম ইমাম, জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুদীপ্ত তালুকদার এবং মহানগর হাকিম সাইফুল ইসলাম।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ