Views Bangladesh Logo

আসামি ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) মারা গেছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম শহীদ পীরগঞ্জ থানায় এএসআই পদে কর্মরত ছিলেন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

চিকিৎসক ডা. তানজিনা জানান, এএসআই শহীদকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তিনি বলেন, হঠাৎ বুকের ব্যথায় কাতর হওয়ার তথ্য পাওয়া গেছে, এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত প্রয়োজন।

ওসি মাজহারুল ইসলাম জানান, মধ্যরাতে থানার একটি দল ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে সেনুয়া গ্রামে অভিযান চালায়। একজন আসামিকে গ্রেপ্তার করে গাড়িতে তোলার সময় এএসআই শহিদুল ইসলাম শহীদ হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ