মিরপুর সংঘর্ষের ঘটনায় ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে সমন্বয়ের অভাব ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীর মিরপুরে ফুটপাত থেকে হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে সমন্বয়ের ঘাটতি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার সচিবালয়ে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাটি তদন্ত করতে বলা হয়েছে। তার কাছে পাওয়া তথ্য অনুযায়ী, অভিযানের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করেননি। এ কারণে ঘটনাটিতে সমন্বয়ের অভাব ছিল বলে তিনি মনে করেন।
এর আগে সকাল ১০টার পর মিরপুরের ১০ নম্বর এলাকায় ফুটপাত থেকে হকার উচ্ছেদ অভিযান শুরু হলে হকারদের সঙ্গে পুলিশ ও সিটি করপোরেশনের কর্মীদের সংঘর্ষ বাধে। এ সময় সিটি করপোরেশনের তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়। পুলিশ ও সাংবাদিকদের গাড়িতেও ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।
ঘটনাটি গোয়েন্দা তথ্যের দুর্বলতার কারণে ঘটেছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি তদন্তের জন্য দেওয়া হয়েছে। তিনি জানান, প্রাথমিকভাবে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে সমন্বয়ের ঘাটতির বিষয়টি তার কাছে প্রতীয়মান হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, উচ্ছেদ অভিযানের সময় ডিশ লাইনের তার খুলে ফেলার পর একপর্যায়ে সেখানকার বৈদ্যুতিক তার ছিঁড়ে যায়। সেখান থেকে আগুনের সূত্রপাত হয়ে তা পাশের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে ছড়িয়ে পড়ে। পরে ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে এবং আগুন আরও ছড়িয়ে পড়ে।
আগুন লাগার পর বিক্ষুব্ধ হকারদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মীদের সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গেও হকারদের সংঘর্ষ বাধে। এ সময় সিটি করপোরেশনের তিনটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, পুলিশের একটি গাড়ির কাচ ভাঙচুর এবং সিটি করপোরেশনের গাড়িতে আগুন দেওয়ার খবর তারা পেয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেন, নগরবাসীর নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচলের জন্য ফুটপাত থেকে হকার উচ্ছেদ অভিযান চলবে। অবৈধভাবে কাউকে ফুটপাত দখল করতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, ফুটপাত দখলের পক্ষে কেউ অবস্থান নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মিরপুরের ঘটনার ঘটনায় মামলা করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন