Views Bangladesh Logo

স্কুল ফিডিংয়ে দেওয়া হবে রান্না করা খাবার: প্রতিমন্ত্রী

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রান্না করা খাবার দেওয়ার পরীক্ষামূলক কার্যক্রম শিগগির শুরু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার সঠিক সময়ে পৌঁছে দেওয়াই এ কার্যক্রমের মূল লক্ষ্য বলে জানান তিনি।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘ফিডিং কর্মসূচি’ নিয়ে প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শ্রীলঙ্কা ও ভারতের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য স্কুলের মায়েরা অর্থের বিনিময়ে স্বাস্থ্যকর খাবার রান্না করে দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশেও খুব শিগগির রান্না করা খাবার সরবরাহের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করা হবে।

তিনি বলেন, এ ক্ষেত্রে একাধিক পদ্ধতি বিবেচনা করা হবে। তবে যেভাবেই কার্যক্রম পরিচালনা করা হোক, শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার সঠিকভাবে ও সঠিক সময়ে পৌঁছে দেওয়া নিশ্চিত করা হবে।

স্কুলব্যাগের বিষয়ে ববি হাজ্জাজ বলেন, শিক্ষার্থীদের অতিরিক্ত বই বহন করা নিয়ে অনেক অভিযোগ পাওয়া যায়। এর মধ্যে কিন্ডারগার্টেন স্কুলগুলো নিয়ে অভিযোগ বেশি। ২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের চেষ্টা চলছে। নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের বেশি বই বহন করতে না হয় এবং বই শ্রেণিকক্ষেই রাখার ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, কিন্ডারগার্টেন স্কুলগুলোতে কতগুলো বই দেওয়া যাবে এবং কী কী পড়ানো যাবে, সে বিষয়ে মৌলিক নীতিমালা তৈরির কাজ করছে সরকার।

জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচি প্রকল্পের পরিচালক মো. আবুল আমিন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ