Views Bangladesh Logo

বড় বোনের ধর্ষণ মামলার রায় কার্যকর হয়নি, ছোট বোনকেও সংঘবদ্ধ ধর্ষণের ভিডিও ছাড়লো অভিযুক্তরা

এক যুগেরও বেশি আগে বাক্‌প্রতিবন্ধী বড় মেয়েকে ধর্ষণের ঘটনায় মামলা করেছিলেন বাবা। দীর্ঘ আইনি লড়াইয়ের পর গত বছর ওই মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড হলেও তার সাজা কার্যকর হয়নি। এর মধ্যে এবার তার কিশোরী ছোট মেয়েও সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুধু তা-ই নয়, ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগও উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে।

নোয়াখালীর কবিরহাট উপজেলায় গত ২০ অক্টোবর এ ঘটনা ঘটে। তবে সম্প্রতি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। এ ঘটনায় কিশোরীর বাবা ২৩ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার প্রধান আসামি মো. শিপনকে গ্রেফতার করেছে পুলিশ। অপর দুই আসামি এখনো পলাতক।

ভুক্তভোগী কিশোরীর বয়স ১৭ বছর। তার বাবা পেশায় কৃষক। পরিবারের অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে শিপন (২২) ওই কিশোরীকে বাড়ি থেকে নিয়ে যান। পরে শিপন, সাইফুল ইসলাম (২৩) ও মোছলে উদ্দিন (২৪) তাকে ধর্ষণ করেন। ঘটনার সময় অভিযুক্তরা ভিডিও ধারণ করেন এবং বিষয়টি কাউকে জানালে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করেছেন কিশোরীর বাবা।

তিনি জানান, প্রায় এক মাস ধরে মেয়ের আচরণে পরিবর্তন লক্ষ্য করছিলেন। ২২ নভেম্বর বিভিন্নজনের মাধ্যমে মেয়ের নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়ার খবর পান। পরে মেয়ের কাছ থেকে ঘটনার বিস্তারিত জেনে স্থানীয়দের সহযোগিতা চান। এরপর এলাকাবাসী শিপনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

কবিরহাট থানার পুলিশ জানায়, মামলার পর শিপনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

কিশোরীর বাবা জানান, তার চার মেয়ে ও দুই ছেলে। বড় দুই মেয়ের বিয়ে দিয়েছেন। ২৯ বছর বয়সী বড় মেয়ে বাক্‌প্রতিবন্ধী। ২০১২ সালে রাজীব হোসেন নামে এক যুবক তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। বাক্‌প্রতিবন্ধী হওয়ায় তখন মেয়েটি বিষয়টি কাউকে জানাতে পারেনি। পরে অন্তঃসত্ত্বা হওয়ার পর ঘটনাটি পরিবারের নজরে আসে। ওই ঘটনায় আদালতে মামলা করেন বাবা। ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুটির বয়স এখন প্রায় ১৩ বছর।

বাবার ভাষ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে ওই মামলায় রাজীবের যাবজ্জীবন কারাদণ্ড হয়। তবে পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। তিনি শুনেছেন, সাজাপ্রাপ্ত আসামি বর্তমানে বিদেশে অবস্থান করছেন।

দুই মেয়ের ঘটনায় দীর্ঘ আইনি লড়াই চালাতে গিয়ে আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন কৃষক বাবা। তিনি বলেন, বড় মেয়ের ধর্ষণের বিচার চাইতে গিয়ে এক যুগের বেশি সময় ধরে মামলার খরচ বহন করতে হয়েছে। এতে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। এখন ছোট মেয়ের ঘটনায় কীভাবে আবার মামলা চালাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেফতার শিপন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া ভুক্তভোগী কিশোরীর জবানবন্দিও ২২ ধারায় আদালতে রেকর্ড করা হয়েছে। অপর দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আগের ধর্ষণ মামলার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, দ্বিতীয় ঘটনায় মামলা হওয়ার পর তিনি বিষয়টি জেনেছেন। আগের মামলায় আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা থাকলে এবং তিনি এলাকায় অবস্থান করলে তাকে আইনের আওতায় আনা হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ