‘টক্সিক’ টিজার ঘিরে বিতর্ক, আলোচনায় যশ–নয়নতারা–কিয়ারা
কন্নড় সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এর নতুন টিজার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ‘লেডিস অ্যান্ড লেডিস’ শিরোনামের টিজারটি যেমন দর্শকদের আগ্রহ বাড়িয়েছে, তেমনি এর একটি সংলাপকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক।
টিজারের শুরুতেই দর্শকদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়, যেখানে বলা হয় এটি শিশুদের জন্য নয়। এরপর ব্যাকগ্রাউন্ডে একটি নারী কণ্ঠে শোনা যায়, ‘ভালোবাসা নারীদের দানব বানিয়ে তোলে।’ এই সংলাপ প্রকাশের পরই নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়।
টিজারে এক ঝলক দেখা গেছে বলিউড ও দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা, কিয়ারা আদভানি, তারা সুতারিয়া, রুক্মিণী বসন্ত এবং হুমা কুরেশিকে। পাশাপাশি যশ ও কিয়ারা আদভানির রোমান্টিক দৃশ্যও দর্শকদের নজর কাড়ে।
তবে সমালোচকদের একাংশের অভিযোগ, নারীদের শক্তিশালীভাবে উপস্থাপন করতে গিয়ে সিনেমাটি পুরুষ চরিত্রগুলোকে নেতিবাচকভাবে তুলে ধরার চেষ্টা করেছে। যদিও টিজারের প্রশংসাও করছেন অনেক দর্শক। তাদের মতে, রহস্যময় উপস্থাপনা ও ভিজ্যুয়াল সিনেমাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
এদিকে মুক্তির তারিখ নিয়েও রয়েছে আলোচনা। আগামী ২৬ আগস্ট বিশ্বব্যাপী মুক্তির কথা রয়েছে ‘টক্সিক’-এর। একই দিনে মুক্তি পেতে যাচ্ছে শ্রদ্ধা কাপুরের ‘ইথা’ এবং সিদ্ধার্থ মালহোত্রার ‘ভ্যান’, ফলে বক্স অফিসে ত্রিমুখী প্রতিযোগিতার সম্ভাবনা তৈরি হয়েছে।
গীতু মোহনদাস পরিচালিত এবং কেভিএন প্রোডাকশন্স প্রযোজিত কন্নড় ও ইংরেজি ভাষার এই সিনেমাটি মুক্তির পর দর্শক ও বক্স অফিসে কতটা সাফল্য পায়, এখন সেটিই দেখার অপেক্ষা।
মতামত দিন