Views Bangladesh Logo

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। ব্যাংক তিনটি হলো অগ্রণী ব্যাংক পিএলসি, বেসিক ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল)।

বুধবার (২ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ বিষয়ে পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব আফরোজা আক্তার রিবার সই করা প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট তিন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের প্রয়োজনীয় বিধিগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চুক্তি বাতিল হওয়া কর্মকর্তারা হলেন অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও মো. আনোয়ারুল ইসলাম, বেসিক ব্যাংকের এমডি ও সিইও মো. কামরুজ্জামান খান এবং বিডিবিএলের এমডি ও সিইও মো. জসীম উদ্দিন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন এবং সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের শর্ত অনুযায়ী এসব কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে সরকার সুপারিশ ও সম্মতি দিয়েছে।

এর ভিত্তিতে তিন ব্যাংকের পরিচালনা পর্ষদকে সংশ্লিষ্ট এমডি ও সিইওদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ও বিধিগত কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।

সরকারের এই সিদ্ধান্তের ফলে অগ্রণী ব্যাংক, বেসিক ব্যাংক ও বিডিবিএলের বর্তমান এমডি ও সিইওদের চুক্তিভিত্তিক দায়িত্বের অবশিষ্ট সময় আর বহাল থাকছে না।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ