Views Bangladesh Logo

ব্রাহ্মণবাড়িয়ায় কাজের মান নিয়ে প্রশ্ন করায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে ধাওয়া ঠিকাদারের

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক উপ-সহকারী প্রকৌশলীকে বাঁশ দিয়ে ধাওয়া দেওয়ার অভিযোগ উঠেছে এক ঠিকাদার ও তার সহযোগীদের বিরুদ্ধে।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী প্রকৌশলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, নবীনগর উপজেলার শিবপুর থেকে মেরকুটা সড়কে এলজিইডির তত্ত্বাবধানে একটি রিটেইনিং ওয়াল নির্মাণ কাজ চলছিল। ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল ‘এম/এস লোকমান এন্টারপ্রাইজ’। তবে স্থানীয়দের অভিযোগ, নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছিল। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার বিকেলে উপ-সহকারী প্রকৌশলী তারিকুল ইসলাম কাজের মান যাচাই করতে সেখানে যান এবং অনিয়মের সত্যতা পান।

তিনি কাজের মান নিয়ে প্রশ্ন করলে ঠিকাদার ও তার সহযোগীদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ঠিকাদার লোকমান ও তার লোকজন উত্তেজিত হয়ে প্রকৌশলী তারিকুলকে বাঁশ দিয়ে মারধরের উদ্দেশ্যে ধাওয়া দেন।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রকৌশলী মির্জা মো. তারিকুল ইসলাম বলেন, কাজের মান নিয়ে কথা বলার সময় ঠিকাদার ও তার সহযোগীরা আমাকে মারধরের জন্য ধাওয়া দেন। আমি কোনোভাবে দৌড়ে পালিয়ে রক্ষা পাই।

অভিযোগের বিষয়ে ঠিকাদার লোকমান হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, কাজের মান নিয়ে প্রশ্ন করায় ঠিকাদারের লোকজন প্রকৌশলীকে বাঁশ দিয়ে ধাওয়া দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়, তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ