Views Bangladesh Logo

সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের চুক্তির মেয়াদ বাতিল

রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে পৃথক সার্কুলার জারি করেছে।

সার্কুলার অনুযায়ী, সোনালী ব্যাংকের এমডি ও সিইও মো. শওকত আলী খান, জনতা ব্যাংকের এমডি ও সিইও মো. মজিবর রহমান এবং রূপালী ব্যাংকের এমডি কাজী মো. ওয়াহিদুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে সরকারের সুপারিশ ও সম্মতি জানানো হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে সরকারের সুপারিশ ও সম্মতি দেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইন এবং পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী পরবর্তী বিধিগত কার্যক্রম নিতে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

তবে সার্কুলারে চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিলের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করার নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি। কেন তিন ব্যাংকের এমডিদের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করা হচ্ছে, সে বিষয়েও কোনো কারণ জানানো হয়নি।

মো. শওকত আলী খানকে ২০২৪ সালের ৩০ অক্টোবর তিন বছরের জন্য সোনালী ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। মো. মজিবর রহমান ২০২৪ সালের ৭ নভেম্বর জনতা ব্যাংকের এমডি হিসেবে যোগ দেন। অন্যদিকে, কাজী মো. ওয়াহিদুল ইসলাম ২০২৪ সালের ২৪ ডিসেম্বর তিন বছরের জন্য রূপালী ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ পান। সে হিসাবে তিনজনেরই নিয়োগের মেয়াদ শেষ হতে আরও প্রায় এক বছর বাকি ছিল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ