শহীদ মিনারে গুলিবিদ্ধ কনটেন্ট ক্রিয়েটর রাকিবের মৃত্যু
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলিবিদ্ধ হয়ে রাকিবুল ইসলাম (২৭) নামে এক কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, তাকে প্রকাশ্যে চার রাউন্ড গুলি করার পর ছুরিকাঘাত করা হয়।
রোববার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এর জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ মিনার এলাকায় এক যুবককে গুলি ও ছুরিকাঘাত করা হলে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত সন্দেহে সিহাব হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। তার বাড়ি খুলনায়। পথচারীরা তাকে আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়–এর প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করেন। পরে প্রক্টরিয়াল টিম তাকে পুলিশের কাছে সোপর্দ করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ জানান, প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। বর্তমানে শাহবাগ থানা পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ–এর রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, একজনকে আটক করা হয়েছে এবং ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে