Views Bangladesh Logo

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

নেত্রকোণার সদর উপজেলায় ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে ময়মনসিংহের গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ময়মনসিংহ র‍্যাব-১৪-এর সদর কোম্পানির কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য নেত্রকোণা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে নেত্রকোণা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় রিপন মিয়ার নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাত পরিচয়ের আরও আটজনকে আসামি করা হয়। মামলার পর থেকেই রিপন আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, অভিযোগের ঘটনার পর সোমবার রাতে স্থানীয় একটি বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে একটি সালিস বৈঠক বসে। সেখানে রিপন মিয়াকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং এলাকা ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। ওই সালিসের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত ১ আগস্ট সন্ধ্যায় মেয়েটি বাড়ির উঠানে রান্নার কাজ করছিল। এ সময় রিপন মিয়া জোর করে তাকে পাশের একটি জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। ঘটনার সময় মেয়েটির বাবা-মা দুজনই বাড়ির বাইরে কাজে ছিলেন। মেয়েটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। আদালতে মামলার বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগের সত্যতা নির্ধারিত হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ