Views Bangladesh Logo

ফখরুলকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও: মুচলেকায় মুক্তি পেলেন কন্টেন্ট ক্রিয়েটর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্ট করার অভিযোগে আটক এক কন্টেন্ট ক্রিয়েটরকে মুচলেকায় মুক্তি দিয়েছে পুলিশ। রাজশাহীর বাগমারা উপজেলার ওই যুবককে পুলিশের হাতে সোপর্দ করার পর মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি লিখিত অঙ্গীকারনামায় সই করার পর মুক্তি পান অভিযুক্ত আব্দুল কাদের, যিনি অনলাইনে ‘সজীব’ নামে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ‘দিয়া ব্লগ’ নামক একটি প্ল্যাটফর্মে একটি ভিডিও প্রকাশিত হয়। নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের সূত্র ধরে ভিডিওটিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ব্যঙ্গ করে উপস্থাপন করা হয়। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে বিএনপি, যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারা বিষয়টিকে একজন জাতীয় নেতার প্রতি আপত্তিকর ও অবমাননাকর বলে দাবি করেন।

সমালোচনার মুখে ওই কন্টেন্ট ক্রিয়েটর পরবর্তীতে আরও একটি ভিডিও প্রকাশ করে নিজের ভুল স্বীকার করেন এবং ক্ষমা প্রার্থনা করেন। সেখানে তাকে বলতে শোনা যায়, ভিডিওটি কেবল রসিকতার ছলে তৈরি করা হয়েছিল এবং কাউকে অসম্মান করার কোনো উদ্দেশ্য তার ছিল না।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে মুক্তি দেওয়া হয়েছে। তবে শর্ত অনুযায়ী, আগামী ছয় মাস তাকে প্রতি সপ্তাহে একবার থানায় হাজিরা দিতে হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ