কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে আগুন দেয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৫৫ মিনিটে কাফি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ অভিযোগ করেন। তবে এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।
ফেসবুকে কাফি লিখেন, “মধ্যরাতে আমার বাড়ির ঘর-রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম! যুদ্ধ করেছিলাম এবং করছি। নিরাপত্তা পাইনি।”
এদিকে কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো.ইলিয়াস হোসাইন গণমাধ্যমকে বলেন, “মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে কাফির বাড়িতে আগুন লাগার খবর পাই। দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি আগুন সিলিংয়ে উঠে গেছে। আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে দ্রুত সময়ের মধ্যই আগুন নিয়ন্ত্রণে আনি।”
এ বিষয়ে কাফির বাবা মাওলানা মো. এ বি এম হাবিবুর রহমান বলেন, “আমাদের ঘরটিতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে। আমাদের প্রাণে মারার জন্যই এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমরা এর তদন্তপূর্বক বিচার চাই। যে যার মতো করে দরজা ভেঙে বের হয়েছি। কিছু নাই। সব শেষ হয়ে গেছে।”
উল্লেখ্য, করোনার সময় কনটেন্ট তৈরি করে ভাইরাল হন নুরুজ্জামান কাফি। তবে সাম্প্রতিক সময়ে তিনি বেশি আলোচিত হন একুশে বইমেলায় প্রকাশিত তার বইটির কারণে।
জানা গেছে, কাফিরের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামে। তার বাবা রজ পাড়া দ্বীন এ এলাহি দাখিল মাদরাসার সুপার।
মতামত দিন