Views Bangladesh Logo

কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দ্বীন ইসলাম (৩০) একই গ্রামের সফিকুল ইসলামের ছেলে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ‘তালাশ ক্রাইম দৃষ্টি’ নামে একটি পেজ পরিচালনা করতেন। মাদক সেবন, মাদক ব্যবসা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে ভিডিও তৈরি করে এলাকায় পরিচিতি পান তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ২০ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ দল তাকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এরপর তাকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে বুড়ি নদ পার করে কুমিল্লার বাঙ্গরা থানার গাঙ্গেরকুট এলাকায় নদীর পাড়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করে পুলিশের সহায়তা চান। পরে পুলিশ গিয়ে জানতে পারে, ঘটনাস্থলটি কুমিল্লার বাঙ্গরা থানার আওতায়। সেখানকার পুলিশ তাকে উদ্ধার করে কসবা থানা–পুলিশের কাছে হস্তান্তর করে। স্থানীয়দের সহায়তায় তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা সফিকুল ইসলাম অভিযোগ করেন, অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত ভিডিও প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে একটি প্রভাবশালী চক্র পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। এ ঘটনায় স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. আবদুল আওয়াল ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে আবদুল আওয়াল বলেন, দ্বীন ইসলাম ‘খারাপ প্রকৃতির’ ছিলেন এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা ছিল। তিনি দাবি করেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং তাকে জড়াতে ষড়যন্ত্র করা হচ্ছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—একদল ব্যক্তি তাকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর করে হত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফ বলেন, একটি সংবাদ বা ভিডিও প্রকাশকে কেন্দ্র করে তাকে তুলে নিয়ে গিয়ে মারধর করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পেছনের কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ