উত্তেজনার মুখে গাইবান্ধায় এশিয়ার বৃহত্তম রামমূর্তি স্থাপন কাজ স্থগিত ঘোষণা
গাইবান্ধার পলাশবাড়ীতে এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি স্থাপন ও অর্থের উৎস নিয়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্মাণ কাজ আপাতত বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট মন্দির কমিটি।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে পলাশবাড়ী উপজেলার মধ্যরামচন্দ্রপুর এলাকায় শ্রী শ্রী রাধা ও কালী মন্দিরের নিজস্ব ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করেন মন্দির কমিটির উপদেষ্টা শ্যামল কুমার মহন্ত। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সহ-সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক বিপিন চন্দ্র বর্মন এবং মন্দির কমিটির প্রধান হরিদাস চন্দ্র তরনীদাসসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মন্দিরের উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে কোটি কোটি টাকা ব্যয়ে এশিয়ার বৃহত্তম রামমূর্তি নির্মাণের কাজ চলছিল। তবে এ নির্মাণ কাজ ঘিরে অর্থের উৎস ও প্রকল্পের স্বচ্ছতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
পরবর্তীতে স্থানীয় রাজনৈতিক দল ও সাধারণ জনগণের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা এলাকায় অস্থির পরিস্থিতির সৃষ্টি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষার্থে মন্দির কমিটি আপাতত রামমূর্তি স্থাপনের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
কমিটি জানায়, প্রকল্পটি নিয়ে যে বিভ্রান্তি ও উত্তেজনা তৈরি হয়েছে তা নিরসনের জন্য তারা সকল পক্ষের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রয়েছে। পাশাপাশি ভবিষ্যতে স্বচ্ছতা বজায় রেখে এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় কার্যক্রম পরিচালনার আশ্বাসও দেওয়া হয়।
এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ সিদ্ধান্তকে স্বাগত জানালেও, আবার অনেকে প্রকল্পটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন। স্থানীয়ভাবে পরিস্থিতি বর্তমানে শান্ত থাকলেও প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

মতামত দিন