Views Bangladesh Logo

সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক কাল

বিরোধী দলের অংশগ্রহণ ছাড়াই ১২ সদস্যের সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে মঙ্গলবার (৪ আগস্ট)। জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে দুপুর ১২টায় বৈঠক শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, প্রথম বৈঠকে সদস্যদের পরিচিতি এবং পরবর্তী বৈঠকের কর্মপরিকল্পনা ও আলোচ্যসূচি নির্ধারণ করা হতে পারে। মূল সংবিধান সংশোধন বিষয়ে বিস্তারিত আলোচনা দ্বিতীয় বৈঠক থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত ১৩ জুলাই জাতীয় সংসদে ১২ সদস্যের সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়। বিরোধী দলের জন্য পাঁচটি পদ শূন্য রাখা হলেও তারা প্রতিনিধি না দেওয়ায় কমিটি পূর্ণাঙ্গ হয়নি। সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল ও জোটের সদস্যদের নিয়ে মোট ১৭ সদস্যের কমিটি গঠনের পরিকল্পনা ছিল।

২০২৪ সালের জুলাই আন্দোলনের পর রাষ্ট্র সংস্কারের দাবির ধারাবাহিকতায় সরকার সংবিধান সংশোধনের উদ্যোগ নেয়। ক্ষমতার ভারসাম্য, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিয়ে আলোচনা এগিয়ে নিতে এই কমিটি গঠন করা হয়।

তবে বিরোধী দল শুরু থেকেই সংবিধান সংশোধনের পরিবর্তে সংবিধান সংস্কারের দাবি জানিয়ে আসছে। এ ইস্যুতে জাতীয় সংসদে বিশেষ কমিটি গঠনের বিরোধিতা করে বিরোধী জোট ওয়াকআউটও করে। তাদের দাবি, জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে প্রণীত সংস্কার সনদের ভিত্তিতে গণভোটের রায় বাস্তবায়ন করে সংবিধান সংস্কার করতে হবে, শুধু সংশোধন নয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ