সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ
জাতীয় ঐকমত্য ও রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে গঠিত সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, প্রথম দিনের বৈঠকে মূলত কমিটির সদস্যদের পরিচিতি এবং পরবর্তী বৈঠকের আলোচনার সূচি (এজেন্ডা) নির্ধারণের মধ্যেই কার্যক্রম সীমাবদ্ধ থাকতে পারে। দ্বিতীয় বৈঠক থেকে সংবিধান সংশোধনের বিষয়ে কার্যকর আলোচনা শুরু হবে।
প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর সংবিধানের বিভিন্ন বিধান, ক্ষমতার ভারসাম্য তৈরি, নির্বাহী বিভাগের কর্তৃত্ব হ্রাস, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার রক্ষা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা বাড়াতে বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা শুরু হয়। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার সংবিধান সংশোধনের উদ্যোগ হিসেবে এ কমিটি গঠন করে।
গত ১৩ জুলাই মোট ১৭ সদস্যের এই কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়। তবে বিরোধী দল 'সংবিধান সংশোধন'-এর পরিবর্তে 'সংস্কার'-এর দাবি জানিয়ে কমিটিতে যোগ দেয়নি। এমন পরিস্থিতিতে বিরোধী দলের জন্য নির্ধারিত পাঁচটি পদ ফাঁকা রেখেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের প্রাথমিক কমিটি গঠন করা হয়। সংসদ সচিবালয় জানিয়েছে, বিরোধী দলের কাছ থেকে পরবর্তীতে নাম পাওয়া গেলে তাদের অন্তর্ভুক্ত করে কমিটি পুনর্গঠন করা হবে।
বিরোধী দলের অনুপস্থিতিতে গঠিত এই ১২ সদস্যের কমিটির অন্য সদস্যরা হলেন— বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও চিফ হুইপ মোহাম্মদ নূরুল ইসলাম, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি, ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল হক, চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, নাটোর-১ আসনের সংসদ সদস্য ফারজানা শারমিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শাকিলা ফারজানা, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাহমুদুল হক রুবেল এবং বরগুনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ অলিউল্লাহ।
মতামত দিন