জানুয়ারির অধিবেশনেই উঠছে সংবিধান সংশোধনের বিল
আগামী বছরের জানুয়ারিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই সংবিধান সংশোধনের বিল উত্থাপন করা হবে বলে জানিয়েছেন এ-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সংবিধানের প্রস্তাবনায় পরিবর্তন আনার কারণে সংশোধনী বিল সংসদে পাসের পর রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে গণভোট আয়োজন করা হবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিক সংগঠনের নেতাদের সঙ্গে সংবিধান সংশোধন নিয়ে মতবিনিময় করে বিশেষ কমিটি। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে বিরোধী দলকে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। জাতীয় ঐক্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের কাজ এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তার ভাষায়, বিভেদ তৈরি না করে ঐকমত্যের ভিত্তিতেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
সংবিধানে মৌলিক কোনো পরিবর্তন আনা হলে গণভোটের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে বলেও জানান বিশেষ কমিটির সভাপতি। সংশোধনী বিল সংসদে পাস হওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদনের আগে সংশ্লিষ্ট বিষয়ে জনগণের মতামত নেওয়া হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ১৩ জুলাই সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের ‘সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি’ গঠন করা হয়। কমিটিতে বিরোধী দল থেকে পাঁচজন প্রতিনিধি রাখার প্রস্তাব দেওয়া হলেও তারা কোনো নাম দেয়নি। পরে বিরোধী দল ওই কমিটিতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানায়।
মতামত দিন