Views Bangladesh Logo

শিশুর আঙুল কাটলেন কনস্টেবল

দুই শিশুর বিরোধের জেরে নাটোরে বায়েজিদ (৮) নামের এক শিশুর আঙুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে শহরতলির বড়হরিশপুর ইউনিয়নের চেয়ারম্যান রোডে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী বায়েজিদ ওই এলাকার ব্যাংক কর্মকর্তা মাহমুদুল হাসানের ছেলে। সে নাটোর পুলিশ লাইনস স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী। মাহমুদুল হাসান ঢাকায় কর্মরত। তাঁর স্ত্রী ও সন্তান নাটোরে থাকেন।

পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত কনস্টেবল শাকিল আহমেদ পরিবার নিয়ে মাহমুদুল হাসানের বাসায় ভাড়া থাকেন। মাহমুদুল হাসান জানান, বুধবার রাতে ভাড়াটিয়ারা পিকনিকের আয়োজন করেছিলেন। সেখানে খেলার সময় শাকিলের মেয়ের সঙ্গে বায়েজিদের মনোমালিন্য হয়। এর জেরে বৃহস্পতিবার সকালে বায়েজিদকে ডেকে নিয়ে শাকিল ধারালো কিছু দিয়ে তার ডান হাতের তর্জনির ওপরের অংশ কেটে দেন বলে অভিযোগ করেন তিনি।

আহত বায়েজিদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে কনস্টেবল শাকিল আহমেদের ভাড়া বাসায় গিয়ে তাঁকে পাওয়া যায়নি।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কনস্টেবল শাকিল তাঁর শিশুকন্যাকে শারীরিক নির্যাতনের মৌখিক অভিযোগ করেছেন। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ