Views Bangladesh Logo

শিশুর আঙুল কাটার অভিযোগে কনস্টেবল ও তার স্ত্রী কারাগারে

নাটোর শহরে দুই শিশুর মধ্যে খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে আট বছর বয়সী এক শিশুর ডান হাতের আঙুল কেটে দেওয়ার অভিযোগে পুলিশ কনস্টেবল শাকিল ও তার স্ত্রী নাসরিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তাদের আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বৃহস্পতিবার রাতে শিশুটির পরিবারের অভিযোগ পাওয়ার পর তাদের গ্রেপ্তার করে পুলিশ।

অভিযুক্ত কনস্টেবল শাকিল নাটোরের পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত। তিনি নাটোর শহরের বড়হরিশপুর এলাকার পশ্চিম চেয়ারম্যানপাড়ায় আহত শিশুটির বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে খেলাকে কেন্দ্র করে শাকিলের মেয়ের সঙ্গে আট বছর বয়সী বায়েজিদের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে শাকিল শিশুটিকে নিজের কক্ষে নিয়ে যান। সেখানে তার ডান হাতের একটি আঙুল কেটে দেওয়ার অভিযোগ ওঠে শাকিলের বিরুদ্ধে।

গুরুতর আহত অবস্থায় বায়েজিদকে প্রথমে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হলে পুলিশ কনস্টেবল শাকিল ও তার স্ত্রী নাসরিনকে গ্রেপ্তার করে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত কনস্টেবল ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে তাদের আদালতে হাজির করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ