Views Bangladesh Logo

ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং: বাংলাদেশের নির্বাচন 'প্রশ্নবিদ্ধই' থাকবে

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে আয়োজিত এক কংগ্রেসনাল ব্রিফিংয়ে আওয়ামী লীগকে বাদ দিয়ে অনুষ্ঠিত ভোটকে 'প্রশ্নবিদ্ধ' বলে অভিহিত করা হয়েছে।

ভার্জিনিয়ার ডেমোক্র্যাট কংগ্রেসম্যান সুহাস সুব্রমনিয়ম বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগকে বাইরে রেখে যে নির্বাচন হতে যাচ্ছে, তা গ্রহণযোগ্য নয়। এই নির্বাচন প্রশ্নবিদ্ধই থাকবে।’

ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাত্র তিন দিন আগে সোমবার 'হিন্দুঅ্যাকশন' ও 'কোয়ালিশন অব হিন্দুজ অব নর্থ আমেরিকা' আয়োজিত এই ব্রিফিংয়ের শিরোনাম ছিল 'বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা'।

'আমেরিকান এন্টারপ্রাইজ ইন্সটিটিউটের' জ্যেষ্ঠ গবেষক মাইকেল রুবিন জামায়াতে ইসলামীকে 'সন্ত্রাসী সংগঠন' হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ ঘোষণার পক্ষে মত দেন। তিনি মুহাম্মদ ইউনূসকে গণতন্ত্র ও মানবতার 'দুশমন' বলে অভিহিত করেন।

রুবিন বলেন, ‘ধর্মের দোহাই দিয়ে জামায়াতে ইসলামী অন্যায়, অপকর্ম ও দুর্নীতির দায় এড়াতে চায়। তারা ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করছে, যা বাংলাদেশের জন্য শুভ ফল বয়ে আনবে না।’

ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনের উল্লেখ করে তিনি বলেন, ‘ট্রাম্প প্রশাসনের জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পর্ক তৈরি করা গ্রহণযোগ্য নয়।’

মিশিগানের রিপাবলিকান কংগ্রেসম্যান টম ব্যারেট বলেন, ‘ইসলামিক চরমপন্থীরা দেশে দেশে অস্থিরতা সৃষ্টি করছে। মানবতা রক্ষায় যুক্তরাষ্ট্র সোচ্চার থাকবে।’

ধর্মীয় স্বাধীনতা বিষয়ক যুক্তরাষ্ট্রের সাবেক অ্যাম্বাসেডর অ্যাট-লার্জ স্যামুয়েল ব্রাউনব্যাক ভার্চুয়ালি বক্তব্য রেখে বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ব্যাহত হলে তা শুধু দেশের মানচিত্রেই নয়, অর্থনৈতিক কর্মকাণ্ডেও প্রভাব ফেলে।’

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিন আটক সাংবাদিকদের মুক্তির দাবি জানিয়ে বলেন, ‘প্রায় ৩০০ সাংবাদিককে হত্যা মামলায় আসামি করা হয়েছে।’

সাউথ এশিয়ান মাইনোরিটিজ কালেক্টিভের প্রেসিডেন্ট প্রিয়া সাহা বলেন, ‘বাংলাদেশের সংখ্যালঘুদের কোনো নিরাপত্তা নেই। আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই চলছে বর্বরতা।’

ব্রিফিংয়ে নিউ জার্সির সিনেটর কোরি বুকার, ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান মাইক লেভিন, ইয়ং কিম এবং ডেভিড মিনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিভিন্ন থিংক ট্যাংকের কর্মকর্তারাও অংশ নেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ