Views Bangladesh Logo

কওমি শিক্ষার্থীদের বাধা পেরিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট, মানুষের ঢল

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে কনসার্ট আয়োজন নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের আপত্তির পর ভেন্যু পরিবর্তন করে অনুষ্ঠান করা হয়েছে। সোমবার বিকেলে কলেজের দক্ষিণ ক্যাম্পাসে ব্যান্ড ‘হাইওয়ে’র পরিবেশনায় কনসার্ট অনুষ্ঠিত হয়। এতে মানুষের ঢল নামে। কলেজের শত শত শিক্ষার্থী ও আশপাশের এলাকার তরুণরা অংশ নেন। শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠান শেষ হয়।

এর আগে কলেজের নবীনবরণ অনুষ্ঠানের অংশ হিসেবে কনসার্ট আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে কনসার্ট বাতিলের দাবিতে সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের কাছে স্মারকলিপি দেয় কওমি ছাত্র ঐক্য পরিষদ।

গত শনিবার সংসদ সদস্যের বাসভবনে কলেজ কর্তৃপক্ষ ও কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতাদের মধ্যে বৈঠক হয়। বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়, নবীনবরণ, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি কলেজের মূল ক্যাম্পাসে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দক্ষিণ ক্যাম্পাসে আয়োজন করা হবে।

কওমি ছাত্র ঐক্য পরিষদ তাদের স্মারকলিপিতে উল্লেখ করে, ব্রাহ্মণবাড়িয়া ঐতিহাসিকভাবে ইসলাম, ইলম, আলেম-ওলামা ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সম্পৃক্ত একটি জনপদ। শিক্ষাপ্রতিষ্ঠানে নবীনবরণ ও উৎসব আয়োজন স্বাভাবিক হলেও তা যেন শিক্ষার পরিবেশ, সামাজিক শৃঙ্খলা, জননিরাপত্তা এবং স্থানীয় ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক না হয়।

এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় অতীতে কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কথাও স্মারকলিপিতে তুলে ধরা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ মোশাররফ হোসেন বলেন, মূল ভবনের পাশের মাঠে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছিল। মাঠটি কলেজের নয়, একই চত্বরে অবস্থিত নিয়াজ মোহাম্মদ উচ্চবিদ্যালয়ের। সেখানে অনুষ্ঠান আয়োজন নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের আপত্তির পর ভেন্যু পরিবর্তন করা হয়। পরে কলেজের দক্ষিণ ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, বিএনপির জ্যেষ্ঠ নেতা জহিরুল হক খোকন ও সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এ কে এম ওবায়দুল হক।

জেলা ছাত্রদলের সদস্যসচিব ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী সমীর চক্রবর্তী বলেন, ব্রাহ্মণবাড়িয়া কিংবদন্তি সংগীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খানের জন্মস্থান এবং বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত। আলোচনার মাধ্যমে কনসার্ট নিয়ে তৈরি হওয়া বিরোধের সমাধান হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ