Views Bangladesh Logo

কওমি ছাত্রদের আপত্তির মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ায় কলেজে কনসার্ট অনুষ্ঠিত

কওমি ছাত্র ঐক্য পরিষদের আপত্তি এবং অনুষ্ঠান ঘিরে আলোচনা-সমালোচনার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট। তবে শেষ পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে পুরো আয়োজন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নবীনবরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। এ সময় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এ কে এম উবায়দুল হক।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল শিক্ষার্থীদের নিজেদের কখনো দুর্বল বা কম মেধাবী মনে না করার আহ্বান জানান। তিনি বলেন, সরকারি কলেজে পড়াশোনার সুযোগ কাজে লাগিয়ে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতার দিক থেকে আরও এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান থেকে রাজনীতির নতুন ধরনের শিক্ষা পাওয়া গেছে। কথা, স্লোগান বা হুমকি-ধমকির রাজনীতির পরিবর্তে ছাত্ররাজনীতিতে সহনশীলতা প্রয়োজন। শিক্ষার্থীদের মতামত, আচরণ ও দাবিদাওয়া বুঝে কলেজ ক্যাম্পাসে রাজনীতি পরিচালনার ওপরও গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেল ৩টায় কনসার্ট হওয়ার কথা থাকায় দুপুরের পর কলেজের দক্ষিণ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্য থেকে স্বেচ্ছাসেবক দল গঠন করে অনুষ্ঠানস্থলে দায়িত্ব দেওয়া হয়। কয়েক হাজার শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কনসার্টে অংশ নেন।

বিকেল সাড়ে ৩টার দিকে কলেজের দক্ষিণ ক্যাম্পাসে শুরু হয় সাংস্কৃতিক আয়োজন। এতে জনপ্রিয় ব্যান্ড দল ‘হাইওয়ে’ সংগীত পরিবেশন করে। হাসান ইথারের পরিবেশনায় উচ্ছ্বাসে মেতে ওঠেন উপস্থিত শিক্ষার্থীরা। নিরাপত্তাব্যবস্থা জোরদার থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নবীনবরণ ও কনসার্ট শেষ হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ