মুক্তিযুদ্ধের পক্ষে ১৯৭১ সালের আজকের দিনে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ হয়েছিল
আজ ১ আগস্ট। ১৯৭১ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয়েছিল ইতিহাসের অন্যতম আলোচিত মানবিক সংগীতানুষ্ঠান ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে ভারতে আশ্রয় নেওয়া প্রায় এক কোটি শরণার্থীর সহায়তায় কিংবদন্তি সেতারবাদক পণ্ডিত রবিশঙ্কর ও বিটলসের সাবেক সদস্য জর্জ হ্যারিসনের উদ্যোগে আয়োজিত এই কনসার্ট বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর গণহত্যা, অগ্নিসংযোগ, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের মুখে লাখো মানুষ দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয়। তাদের খাদ্য, চিকিৎসা ও আশ্রয়ের সংকট নিরসনে রবিশঙ্করের আহ্বানে সাড়া দিয়ে মাত্র পাঁচ সপ্তাহের প্রস্তুতিতে কনসার্টের আয়োজন করেন জর্জ হ্যারিসন।
সেদিন ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে প্রায় ৪০ হাজার দর্শকের উপস্থিতিতে আয়োজিত কনসার্টে অংশ নেন জর্জ হ্যারিসন, রিঙ্গো স্টার, বব ডিলান, এরিক ক্ল্যাপটন, বিলি প্রেস্টন, লিওন রাসেল, জোয়ান বায়েজসহ বিশ্বের খ্যাতিমান শিল্পীরা। অনুষ্ঠান শুরু হয় পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ আলী আকবর খান ও ওস্তাদ আল্লা রাখা খানের পরিবেশনায় ‘বাংলা ধুন’ দিয়ে।
আরও পড়ুনঃ বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জর্জ হ্যারিসন: এক কনসার্টে বদলে দেওয়া ইতিহাস
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন বব ডিলান, যিনি দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরে একাধিক গান পরিবেশন করেন। জর্জ হ্যারিসন কনসার্টের জন্য বিশেষভাবে রচনা করা ‘বাংলাদেশ’ গানটি গেয়ে শরণার্থীদের দুর্দশা বিশ্ববাসীর সামনে তুলে ধরেন।
এই কনসার্ট থেকে প্রায় ২ লাখ ৪৩ হাজার ৪১৮ ডলার ৫১ সেন্ট সংগ্রহ করা হয়, যা ইউনিসেফের মাধ্যমে বাংলাদেশের শরণার্থীদের সহায়তায় দেওয়া হয়। পরবর্তীতে কনসার্টের লাইভ অ্যালবাম ও তথ্যচিত্র প্রকাশিত হয় এবং এটি বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলে।
বিশ্লেষকদের মতে, ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ শুধু অর্থ সংগ্রহের আয়োজন ছিল না; এটি ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজনমত গড়ে তোলার এক ঐতিহাসিক সাংস্কৃতিক উদ্যোগ। সেই আয়োজনের মাধ্যমে বিশ্বের কোটি মানুষের কাছে পৌঁছে যায় বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম, গণহত্যা এবং শরণার্থীদের মানবিক বিপর্যয়ের বাস্তব চিত্র।
মুক্তিযুদ্ধের ইতিহাসে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আজও আন্তর্জাতিক সংহতি, মানবতা ও সাংস্কৃতিক কূটনীতির এক অনন্য প্রতীক হিসেবে স্মরণীয়।
মতামত দিন