সংসদ প্রাঙ্গণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান নিয়ে উদ্বেগ, প্রতিবাদে সমাবেশের ঘোষণা
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছে দেশের কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠন। তারা অভিযোগ করেছে, সরকারের নীতির কারণে যুক্তরাষ্ট্রকে সংসদ প্রাঙ্গণে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে, যা দেশের সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সাংঘর্ষিক।
রোববার (৫ জুলাই) ‘সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট’ এক বিবৃতিতে এ উদ্বেগ জানায়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তির নামে প্রভাব বিস্তারের চেষ্টা করছে এবং দেশকে যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী ভূরাজনৈতিক কৌশলের সঙ্গে সম্পৃক্ত করার ষড়যন্ত্র চলছে। এমন পরিস্থিতিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনকে তারা উদ্বেগজনক বলে উল্লেখ করেছে।
জোটটি আরও দাবি করে, বর্তমান সরকারের ‘নতজানু নীতির’ কারণেই যুক্তরাষ্ট্র নিজেদের দূতাবাসের পরিবর্তে জাতীয় সংসদ প্রাঙ্গণে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনের সুযোগ পেয়েছে। তারা এ ধরনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করে।
এদিকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ পৃথক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের ধারাবাহিকতায় বর্তমান সরকারও যুক্তরাষ্ট্রের প্রতি নির্ভরশীল নীতি অনুসরণ করছে।
তিনি অভিযোগ করেন, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণ সেই অবস্থানেরই প্রতিফলন।
অন্যদিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এ ঘটনার প্রতিবাদে সোমবার (৬ জুলাই) বিকেল ৫টায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে। দলটির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এক যৌথ বিবৃতিতে বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী একটি দেশের স্বাধীনতা দিবস জাতীয় সংসদ প্রাঙ্গণে পালনের অনুমতি দেওয়া মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি অসম্মান প্রদর্শনের শামিল।
সিপিবির নেতারা আরও বলেন, যখন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অর্থনীতি, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে, তখন সংসদ ভবন প্রাঙ্গণে এমন অনুষ্ঠান আয়োজন দেশের মানুষের জন্য অবমাননাকর। তারা এই সিদ্ধান্তের প্রতিবাদে জনমত গড়ে তোলার আহ্বান জানান।
উল্লেখ্য, গত শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা অংশ নেন। অনুষ্ঠানটি ঘিরেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
মতামত দিন