Views Bangladesh Logo

ফিফার প্রস্তাব প্রত্যাখ্যান করল কনক্যাকাফও

Sports Desk

ক্রীড়া ডেস্ক

উত্তর ও মধ্য আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনক্যাকাফ ফিফার বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রমে বেসরকারি বিনিয়োগ আনার প্রস্তাব সর্বসম্মতিক্রমে প্রত্যাখ্যান করেছে। সংস্থাটির ৪১টি সদস্যদেশই প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়েছে। তবে উয়েফার মতো বিশ্বকাপ বয়কটের হুমকি দেয়নি কনক্যাকাফ।

কনক্যাকাফের অভিযোগ, প্রস্তাবটি যথাযথ প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ না করে এবং পর্যাপ্ত সময় না দিয়েই সদস্যদের সামনে উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি ইতিহাসের সবচেয়ে লাভজনক বিশ্বকাপ আয়োজনের পরও কেন ফিফার উন্নয়ন কর্মসূচির জন্য নতুন করে বেসরকারি বিনিয়োগ প্রয়োজন, সে প্রশ্নও তুলেছে তারা। সংস্থাটির মতে, আগে ফিফার বিদ্যমান আর্থিক রিজার্ভ কীভাবে আরও কার্যকরভাবে ব্যবহার করা যায়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত।

সম্প্রতি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ঘোষণা দেন, বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য একটি নতুন সহযোগী প্রতিষ্ঠান গঠন করা হবে, যেখানে সংখ্যালঘু অংশীদার হিসেবে বেসরকারি বিনিয়োগকারীদের সুযোগ দেওয়া হবে। তার দাবি, এ উদ্যোগ থেকে প্রায় ৪২০ কোটি ডলার সংগ্রহ করে বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে ব্যয় করা সম্ভব হবে।

তবে এই পরিকল্পনা ঘোষণার পর থেকেই বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। এর আগে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা প্রস্তাবটি প্রত্যাখ্যান করে এবং ফিফা সিদ্ধান্ত থেকে সরে না এলে তাদের আয়োজিত প্রতিযোগিতা বয়কটের হুমকি দেয়। খেলোয়াড়দের পক্ষ থেকেও এ উদ্যোগের বিরোধিতা করা হয়েছে।

কনক্যাকাফ জানিয়েছে, ফুটবলের সবচেয়ে মূল্যবান সম্পদের নিয়ন্ত্রণ ফুটবল পরিবারের হাতেই থাকা উচিত। তারা ফিফা সভাপতি ইনফান্তিনোর প্রতি আহ্বান জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ফিফার সংবিধান অনুযায়ী কাউন্সিল ও সংশ্লিষ্ট প্রশাসনিক কাঠামোর মাধ্যমে স্বচ্ছভাবে গ্রহণ করতে হবে। যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনও কনক্যাকাফের এই অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ