সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের দাফন নিয়ে জটিলতা, গোপনে গার্ড অব অনার
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ দাফন নিয়ে জটিলতা তৈরি হয়েছে। স্থানীয় জামায়াত নেতাদের বাধার মুখে তাঁর মরদেহ দাফন করা নিয়ে উদ্বেগে রয়েছে পরিবার। এর আগে প্রায় সাত ঘণ্টা অপেক্ষার পর পুলিশ লাইনসের ভেতরে তাঁকে গোপনে গার্ড অব অনার দেওয়া হয়।
মানিক পশারী পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী ছিলেন।
৮৭ বছর বয়সী মানিক পশারী পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর মানিক পশারী পলাতক ছিলেন। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মেয়ের শ্বশুরবাড়িতে আশ্রয় নিয়েছিলেন। গত দুই মাস ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে টুঙ্গিপাড়ায় তাঁর মৃত্যু হয়। পরে দুপুর ১২টার দিকে মরদেহ নিয়ে পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে আসেন স্বজনেরা।
পরিবারের অভিযোগ, সেখানে স্থানীয় জামায়াত নেতারা গার্ড অব অনার দেওয়া ও পিরোজপুরে মরদেহ দাফনের ক্ষেত্রে বাধা দেন। পরে বিকেল ৫টার দিকে পুলিশ লাইনসের ভেতরে গোপনে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মানিক পশারীর জামাতা ফারুক হোসেন বলেন, ‘সকাল ১০টায় উনি মারা গেছেন। ১২টায় আমরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আসলে উনি আমাদের গার্ড অব অনারের কথা বলে বিকেল ৫টা পর্যন্ত দাঁড় করিয়ে রাখেন।’
তিনি আরও বলেন, ‘উনি একজন গেজেটেড মুক্তিযোদ্ধা ছিলেন। একটি সাধারণ অ্যাম্বুলেন্সে কোনো বরফ ছাড়া চার থেকে পাঁচ ঘণ্টা রাখার পর গোপনে কোনোমতে গার্ড অব অনার দেওয়া হয়েছে। তারপর আমাদের কাছে লাশ হস্তান্তর করেছে। কিন্তু আমরা কীভাবে লাশ দাফন করব, এর কোনো দায়িত্ব নেননি ইউএনও। লাশ দাফন নিয়ে আমরা খুবই চিন্তিত।’
এদিকে, স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাদের বক্তব্য জানতে চাইলে পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক বলেন, ‘মানিক পশারী একজন ভুয়া মুক্তিযোদ্ধা। তাঁকে কোনোভাবেই গার্ড অব অনার দিতে দেওয়া হবে না। পিরোজপুরের মাটিতে মানিক পশারীর লাশ দাফন দিতে দেওয়া হবে না।’
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, মানিক পশারীকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পিরোজপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীমও জানান, রাষ্ট্রীয় মর্যাদায় মানিক পশারীকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। তবে তাঁর মরদেহ দাফনের বিষয়ে নিরাপত্তা নিশ্চিত হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
মতামত দিন