Views Bangladesh Logo

ডুয়েট ক্যাম্পাস ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

নবনিযুক্ত উপাচার্যের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাস ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছেন। এর ফলে গাজীপুরে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে।

মঙ্গলবার (১৯ মে) আন্দোলনরত শিক্ষার্থীরা এ ঘোষণা দেন। উপাচার্যকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে টানা পঞ্চম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। শিক্ষার্থীরা জানিয়েছেন, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।

শিক্ষার্থীদের দাবি, বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হিসেবে ডুয়েটের একাডেমিক ও প্রশাসনিক বাস্তবতা অন্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আলাদা। তাই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষক থেকেই উপাচার্য নিয়োগ দিতে হবে।

তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে— নবনিযুক্ত উপাচার্যের নিয়োগ বাতিল, ডুয়েটের নিজস্ব শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ এবং সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করা।

আন্দোলনের অংশ হিসেবে এর আগে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। এ সময় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। ঘটনার পর অজ্ঞাতপরিচয় প্রায় ২৫০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

নবনিযুক্ত উপাচার্য সোমবার দায়িত্ব গ্রহণ করলেও আন্দোলনের মুখে ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি। পরে তিনি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে অনলাইনে মতবিনিময় করেন।

এদিকে আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের পাল্টাপাল্টি অবস্থান ও বিবৃতি সামনে এলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসে কোনো ধরনের দলীয় রাজনীতি সহ্য করা হবে না। বর্তমানে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত আছে বলে জানিয়েছে গাজীপুর সদর থানা পুলিশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ