তিতুমীরের শিক্ষার্থীরা মহাখালী সড়ক অবরোধ করায় দুর্ভোগে যাত্রীরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের জন্য আলাদা পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর মহাখালী মোড়ে সড়ক অবরোধ করেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এতে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট তৈরি হয়।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টায় মহাখালীর আমতলীতে প্রধান সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, অধিভুক্ত সাত কলেজের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সময়ের দাবি। এসব কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হলেও শিক্ষার মানের কোনো উন্নতি হয়নি। বরং শিক্ষার্থীরা ক্রমবর্ধমান অসুবিধার সম্মুখীন। ফলে তারা রাস্তা অবরোধে বাধ্য হয়েছেন।
এর আগে বুধবারও (২৩ অক্টোবর) পৃথক পাবলিক বিশ্ববিদ্যালয়ের একই দাবিতে সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।
২০১৭ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার মান উন্নয়নের প্রয়াসে এই সাতটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে। কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ। কলেজগুলোর শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া, পরীক্ষা এবং একাডেমিক কার্যক্রম পরিচালনা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে