Views Bangladesh Logo

সাম্প্রদায়িকতা প্রকৃতপক্ষে ধর্মবিরোধী: তথ্যমন্ত্রী

ধর্মীয় বিশ্বাস ও ধর্মচর্চাকে রাজনৈতিক বা ব্যক্তিস্বার্থে ব্যবহার করে বাংলাদেশে ধর্ম, বর্ণ কিংবা সম্প্রদায়ের নামে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম. জহির উদ্দিন স্বপন।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বরিশাল জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে ঘোষণা করেছেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’। তাই কোনো ধর্মাবলম্বীকে রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করে রাষ্ট্রকে ধর্মের নামে বিভক্ত বা নিয়ন্ত্রণের চেষ্টা গ্রহণযোগ্য নয়। এ ধরনের সাম্প্রদায়িকতা প্রকৃতপক্ষে ধর্মবিরোধী।

তিনি বলেন, ধর্মীয় বিশ্বাস ও ধর্মচর্চাকে সাম্প্রদায়িকতার হাতিয়ার বানানোর চেষ্টা করলে ধর্মপ্রাণ মানুষই সেই ধর্মব্যবসায়ীদের চিহ্নিত করবেন এবং প্রত্যাখ্যান করবেন।

এম. জহির উদ্দিন স্বপন আরও বলেন, রাজনৈতিক নেতাদের বক্তব্য ও কর্মকাণ্ড জনগণের কল্যাণে হওয়া উচিত। জনগণ যতদিন কোনো দলের কার্যক্রমকে নিজেদের স্বার্থসংশ্লিষ্ট ও কল্যাণকর মনে করবে, ততদিন সেই দল ও তার প্রতীক জনগণের কাছে গ্রহণযোগ্য থাকবে।

সম্মেলনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় ও বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ