সাম্প্রদায়িক নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেব: ধর্মমন্ত্রী
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কোনো ধরনের নির্যাতনের সুযোগ দেওয়া হবে না। সাম্প্রদায়িক নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেবেন বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
সোমবার (১১ মে) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএসআরএফ সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, “ভারতের পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মুসলমানদের ওপর হামলা বন্ধে সরকার অনুরোধ করবে। ভারত একটি বিশাল দেশ। তারা গণতন্ত্রকে লালন করে, এজন্য তাদের শ্রদ্ধা করি। মন থেকে তাদের আরো শ্রদ্ধা জানাব, যদি ওই দেশের সংখ্যালঘুদের আপন করে নিয়ে নিরাপত্তা দেয় এবং জনগণের একটা অংশ হিসেবে মনে করে অধিকার রক্ষা করে।”
তিনি আরো বলেন, “ভারতে ঘটছে বলে বাংলাদেশে এমন ঘটতে দেওয়া যাবে না। প্রয়জনবোধে মন্ত্রিত্ব ছেড়ে দেব, তবে এখানে সংখ্যালঘুদের ওপর অত্যাচার, অবিচার, জুলুম সহ্য করব না।”
এসময় বিএসআরএফ সংলাপে ধর্মমন্ত্রী কায়কোবাদ বলেন, “জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কৃষিবান্ধব সরকার। দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে কৃষক কার্ডসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছে। দেশের প্রতিটি কৃষকের হাতে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। পর্যায়ক্রমে সেটাও বাস্তবায়ন করা হবে।”
বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণের পর সারাদেশে ইমাম, মোয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি ভাতা চালু করেছেন। ফ্যামিলি কার্ড বিতরণও শুরু করেছেন বলে জানান ধর্মমন্ত্রী ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে